মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় এই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন। এসময় একটি খননযন্ত্র (এক্সকাভেটর) অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে ইটভাটাসহ অন্যত্রে বিক্রি করে আসছে অসাধু মাটি খেকো চক্র। অবৈধ ভাবে মাটি কাটা প্রতিরোধে প্রায়ই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এরই অংশ হিসেবে শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন। এসময় একটি খননযন্ত্র (এক্সকাভেটর) অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে কৃষি জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছে মাটি খেকোরা। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কৃষি জমি রক্ষায় বুধবার অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ভাবে মাটি কাটা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।