গুইমারা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ–জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গুইমারা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে আয়োজিত ওপেন হাউস ডেতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঃ ওবাইন (পিপিএম)।
তিনি তার বক্তব্যে বলেন, শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। মাদক, চোরাচালান, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের তথ্য ও সহযোগিতা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।
উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী, গুইমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এবং হাছড়ি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য খালেদা বেগম প্রমুখ।
বক্তারা উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, মাদক বিস্তার, চোরাচালান, জুয়া, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর ও কঠোর ভূমিকার দাবি জানান তারা।
তারা আরও বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ওপেন হাউস সভা সাধারণ মানুষের সমস্যা সরাসরি তুলে ধরার পাশাপাশি দ্রুত সমাধানের সুযোগ তৈরি করে।
সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।