ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গৌরনদীতে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ১০:২৪
ad003
গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে একটি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। তিনি বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার, আগৈলঝাড়া উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সুচিত্রা বাড়ৈ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বনিক।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরনদী উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মো. দলোয়ার হোসেন। তিনি গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল, আইনগত কাঠামো এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আলোচনা পর্বে বক্তারা গ্রাম আদালতের সেবাসমূহ সাধারণ মানুষের কাছে আরও সহজ ও বোধগম্যভাবে পৌঁছে দিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করা, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি আরও সহজ ও গতিশীল হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT