ঢাকার অভিজাত ও কুটনৈতিক পাড়া হিসেবে বিবেচিত গুলশানে খোলা জায়গায় পশু কোরবানি না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন ও লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। গুলশানকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে গুলশান সোসাইটি।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এক বিবৃতিতে বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পৃথিবীর উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কোরবানি করা হয় না। গুলশানকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। গুলশানের বাসিন্দাদের নিজ বাড়ির ভেতরে কোরবানি করার আহ্বান জানান। তা সম্ভব না হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত কসাইখানায় কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন।
মহাখালীর ৪৫ নম্বর তাজউদ্দিন সরণিতে অবস্থিত কোভিড হসপিটালের পিছনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত কসাইখানা রয়েছে। এ বিষয়ে সহায়তা পেতে একটি হটলাইন চালু করা হয়েছে। প্রয়োজনীয় পরামর্শের জন্য ০১৭১৫-৮৮২১১৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।