কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান জানান, আটক ব্যক্তি জাবেদ হোসেন (৪৫)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বল্লভপুর (মিস্ত্রি বাড়ি) এলাকার মৃত জানু মিয়ার ছেলে। বর্তমানে তিনি চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণ নগর (পাকার মাথা) এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, দাউদকান্দি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আঃ বারীর নির্দেশনায় এসআই (নিঃ) মধু সুদন মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে দিবাকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দাউদকান্দি পৌর এলাকার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে জাবেদ হোসেনের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ বারী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।