ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর সাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
অভিযুক্ত আবু বক্কর সাদ সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়া (মুন্সি বাড়ি) এলাকার শরীফ মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু একই এলাকার। সম্পর্কে তারা চাচাতো চাচা-ভাতিজা।
অভিযোগ পত্রে ও পুলিশ জানায়, গত শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত সাদ শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ির একতলা ভবনের ছাদের উপর নির্মিত কবুতরের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে।
তার দাদি শিশুটিকে খুঁজতে গিয়ে ছাদের কবুতরের ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে শিশুটির বাবা রবিবার সরাইল থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বক্কর সাদকে রাতে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, "শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ওই কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিস্তারিত জানানো হবে।