ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ার আলোচিত হত্যাকাণ্ডে আটক ব্যবসায়িক সঙ্গী

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ মে, ২০২৬ সকাল ১০:৪৭
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শৈলজানী এলাকায় চাঞ্চল্যকর জুবায়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি পাকুন্দিয়ার আলোচিত হত্যাকাণ্ডে আটক ব্যবসায়িক সঙ্গী রানাকে চিহ্নিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিতে দেখা যায়।

অভিযুক্ত রানা (৩২) পাকুন্দিয়া উপজেলার চরপলাশ মোড়ল বাড়ি এলাকার বাসিন্দা। জুবায়েরের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। 

গতকাল(২৯ মে) শুক্রবার রাতেই হত্যাকান্ডের পর রানা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নে দিক দিয়ে পালানোর চেষ্টা করছিল। সেখানকার লোকজন তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করলে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে রাখেন। পরদিন শনিবার সকালে তাকে তার নিজ এলাকায় নিয়ে আসা হয়।

পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ সময় রানার পরিহিত শার্টে রক্তের দাগ পাওয়া যায়। পুলিশ শার্টটি জব্দ করেছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি পাশের একটি জমিতে ফেলে রাখা হয়েছিল বলেও জানা গেছে।

উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাজার থেকে হোসেনপুর সড়কের শৈলজানী বিলাসের ফিসারি সংলগ্ন একটি কালভার্টের ওপর থেকে জুবায়েরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুবায়ের উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মো. আলতাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় পোল্ট্রি ব্যবসায়ী এবং মনোহারি পণ্যের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে রানা নামের একজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT