ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কসবায় প্রবাসী যুবকের মৃত্যু

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সকাল ৫:১৭
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামের প্রবাসী ইউসুফ মিয়া (৩৫) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ইউসুফ মিয়া মন্দবাগ গ্রামের মৃত তিতন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ মিয়া। তিনি রাজধানী রিয়াদের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

৩০ মে শনিবার কর্মস্থলের দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউসুফ মিয়ার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি মা ও স্ত্রীকে রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে, প্রবাসী ইউসুফ মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT