ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে সংকট

৩ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা

author
হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সকাল ৮:০৪
ad003
হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের বিরোধের জেরে আগামী ৩ জুন ২০২৬ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা বাস/মিনিবাস, ট্রাক, সিএনজি ও মাইক্রো মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

রোববার (৩১ মে) দুপুর ১২টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে অবস্থিত হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭৪ সাল থেকে হবিগঞ্জের পরিবহন মালিকরা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে যাত্রী পরিবহন সেবা দিয়ে আসছেন। ২০০৬ সালে বিভাগীয় পর্যায়ের এক সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বাস চলাচল অব্যাহত থাকলেও ২০২৫ সালের অক্টোবর মাস থেকে মৌলভীবাজার জেলার মালিক-শ্রমিকদের বাধার কারণে নতুন করে সংকটের সৃষ্টি হয়।

তারা দাবি করেন, বিষয়টির সমাধানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যকর সমাধান হয়নি। সর্বশেষ ১৫ মে বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকেও সমস্যা নিরসনের আশ্বাস মিললেও বাস্তবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেন পরিবহন নেতারা।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ৫৩ বছরের প্রতিষ্ঠিত একটি বাস সার্ভিস কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর ফলে শত শত শ্রমিক কর্মহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন এবং পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত উদ্যোগ না পাওয়ার অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে মৌলভীবাজার হয়ে সিলেট যাতায়াতের সুযোগ নিশ্চিত করা না হলে ৩ জুন সকাল ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে। এ সময় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও তারা উল্লেখ করেন।

পরিবহন মালিক-শ্রমিক নেতারা সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং যাত্রীসেবার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT