নাটোরের লালপুর উপজেলায় কৃষিজমি এবং নদী রক্ষার্থে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে মধ্যরাতে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করে দুই মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) রাত ১টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অবৈধ মাটি কাটার সত্যতা পায় প্রশাসন। এ সময় মাটি কাটার অপরাধে অভিযুক্ত ব্যক্তি শামীম (৫০)-কে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এই অভিযানের পরপরই রাত আড়াইটার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া কয়লারডহর এলাকায় অভিযান পরিচালনা করে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো: মাহবুল ইসলাম (৪১) নামের আরেক ব্যক্তিকে আটক করে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন জানান, অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় লালপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা করেন। তিনি আরও জানান, লালপুরের কৃষিজমি এবং পদ্মা নদী রক্ষার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।