ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চল্লিশায় রক্তাক্ত মহাসড়ক: বাসের চাপায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সকাল ৮:৪১
ad003
নেত্রকোণায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাসপাই মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অপর এক শিশু। তাৎক্ষণিকভাবে নিহত শিশুটির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী মহুয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস চল্লিশা বাসপাই মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। 

এতে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নূর জাহানের স্বামী আইনুল হকসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হতাহতদের কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে স্পিডব্রেকার নির্মাণ এবং গোলচত্বর স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT