ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ পুরনো স্টিমারের বিকল্প ব্যবহারের চিন্তা করছে সরকার : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

author
চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬ সকাল ১১:০৩
ad003
দেশের নৌপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শত বছরের পুরনো এবং ঝুঁকিপূর্ণ স্টিমারগুলোকে নৌপথে যাত্রী পরিবহনের পরিবর্তে বিকল্প কাজে ব্যবহারের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

রোববার চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের নৌপথে এখনও কিছু শতবর্ষী স্টিমার চলাচল করছে, যেগুলো বর্তমান সময়ের নিরাপত্তা ও প্রযুক্তিগত মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এসব পুরনো জাহাজ পরিচালনার ক্ষেত্রে সরকারকে সর্বদা সতর্ক ও নিবিড় নজরদারি বজায় রাখতে হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ঝুঁকিপূর্ণ স্টিমারগুলোর ভবিষ্যৎ ব্যবহার নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, পুরনো স্টিমারগুলোকে সম্পূর্ণভাবে অকার্যকর না করে ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন কিংবা অন্য কোনো উপযোগী খাতে ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পর্যালোচনা ও সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে নৌপথকেও এগিয়ে নিতে হবে। যাত্রীদের দ্রুত, নিরাপদ ও আরামদায়ক সেবা নিশ্চিত করতে আধুনিক নৌযান সংযোজনের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নৌপথে গতি ও সেবার মান বৃদ্ধি করা গেলে যাত্রীদের আস্থা আরও বাড়বে এবং নৌযাত্রা জনপ্রিয় হয়ে উঠবে।

তিনি বলেন, সরকার এককভাবে নয়, বরং বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমেও নৌপরিবহন খাতকে শক্তিশালী করতে চায়। এ ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন জাহাজের মালিকদেরও আধুনিক ও নিরাপদ নৌযান পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চাঁদপুর লঞ্চ টার্মিনালের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং টার্মিনালের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হিসেবে চাঁদপুরের গুরুত্ব অনেক বেশি। তাই এই অঞ্চলের নৌযোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও কার্যকর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নৌপথকে যাত্রীবান্ধব ও আধুনিক করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নিরাপদ ও আধুনিক নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে ভবিষ্যতে নৌপথে যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং দেশের যোগাযোগ ব্যবস্থায় নৌখাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বিআইডব্লিউটি এর উপ-পরিচালক মো: কামরুজ্জামানসহ অন্যান্যো।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT