সিইবি’ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কোচিং সহায়তা পাওয়া নীলফামারীর সৈয়দপুরের কৃতি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কৃতিত্ব অর্জন করায় তাদের সংবর্ধনা প্রদানসহ পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে ‘কমিউনিটি ইমপাওয়ারমেন্ট বাংলাদেশ (সিইবি) ফাউন্ডেশন’ এর আয়োজনে ও সিইবি’ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসের বায়ো-ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং প্রিন্সিপাল অর্গানাইজেশন সৈয়দপুরের সভাপতি লুৎফর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিইবি’র ভাইস চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, উপদেষ্টা ও দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. এজাজুল হক এবং কোষাধ্যক্ষ সৈয়দ ফখরুল হুদা।
অনুষ্ঠানে অতিথিরা তাদের ব্কতেব্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা সিইবি’ ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
চলতি শিক্ষাবর্ষে সিইবি’ ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের আওতায় প্রস্তুতি নিয়ে ১ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ১ জন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং ১জন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির গৌরব অর্জন করেছেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কারমাইকেল কলেজে ১৪জন, সৈয়দপুর সরকারি কলেজে ৮জন, দিনাজপুর সরকারি কলেজে ৩জন এবং নীলফামারী সরকারি কলেজে ৩জন শিক্ষার্থী ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।