নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকালে মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন -নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন হীরা (৩২) লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) । এসময় বাইকের অপর আরোহী সাইফুল ইসলাম (২৬) কে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার সকালে মহাসড়কের বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাক ও বিপরীতগামী পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটস্থলেই দু’জনের মৃত্যু হয়। আর অপর একজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার পুন্ডরী গ্রামীণ সড়কে একটি অজ্ঞাত বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিহতদের সত্যতা নিশ্চিত করেছেন।