ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পরিচয় শনাক্তে ডিএনএ সংরক্ষণের উদ্যোগ

নেত্রকোণায় মাদরাসার পুকুরে ভাসছিল নবজাতকের লাশ

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ সকাল ৮:৩৬
ad003
নেত্রকোণার বারহাট্টা উপজেলা শহরের একটি হাফিজিয়া মাদরাসার পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলা সদরের স্টেশন এলাকার পূর্বপাশে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বৃ-কালিকা মহল্লার একটি হাফিজিয়া মাদরাসার পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে বারহাট্টা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কেউ নবজাতকটির মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে। উদ্ধারকৃত মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, এটি এক বা দুই দিন আগেই সেখানে ফেলা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, “সকালে পুকুরে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে সবাই হতবাক হয়ে যায়। মরদেহটি ফুলে গিয়ে পচন ধরেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। কারা এবং কেন এমন কাজ করেছে, তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।”

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নবজাতকের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে নবজাতকের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এমন নির্মম ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT