নীলফামারীর সৈয়দপুরে তীব্র রোদসহ প্রচন্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার কারণে জন-জীবনে নেমে এসেছে চরম অস্বস্তি।
গতকাল রোববার (৩১ মে) ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম।
গত দুইদিন থেকে তীব্র গরম আর রোদে বিপাকে পড়েছে নিম্ন-আয়ের মানুষ। অনেকেই বিশ্রাম নিচ্ছেন গাছের তলায় বা ছায়া পড়েছে এমন স্থানে। অসহ্য রোদের তাপে কাজ করতে পারছেন না শ্রমিকরা। গরমে অতিষ্ঠ হয়ে ফুটপাত থেকে আখের রস, লেবুর শরবত খেয়ে তৃষ্ণা মেটাতে দেখা গেছে অনেককে।
সৈয়দপুর শহরের কুন্দলের রিক্সাভ্যান চালক রমজান আলি রোববার জানান, আজকে সারাদিন অনেক তীব্র রোদ সেইসঙ্গে অস্বস্তিকর গরম। সকালে রিক্সাভ্যান নিয়ে বের হয়েছি সন্ধ্যা পর্যন্ত সমানভাবে গরম আর রোদ।
কাজীপাড়ার রাজমিস্ত্রি সাইফুল ইসলাম জানান, সকালে এসেছি কাজে রোদ আর গরমের কারণে কাজ করতে পারছিনা। রোদ আর গরমের কারনে দেওয়াল গাঁথুনির কাজ বন্ধ রেখে চলে এসেছি।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী কয়েকদিন এরমধ্যে তাপমাত্রা ওঠানামা করবে। বর্তমানে সৈয়দপুরের ওপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে, প্রখর রোদ ও গরমে বাইরে বের হওয়া মানুষজন যেমন বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়ার আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।