মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে মিছিল চলাকালেই পুলিশের ধাওয়া খেয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
আটকৃতরা হলো- সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ফেরদৌস রহমান বাপ্পী (৩০) এবং একই এলাকার সেবুল মিয়ার ছেলে মোঃ আরমান আহমদ (১৭)
পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যেতে থাকে।
এসময় মিছিলে অংশ নেওয়া ১৫/২০ জন নেতাকর্মী “শেখ হাসিনা আসছে বাংলাদেশ হাসছে”, 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। খবর পেয়েই মুহুর্তেই পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেটিজেনরা নানা প্রশ্ন তুলেন।
মিছিলের ভিডিও ছেড়ে সোস্যালাল মিডিয়ায় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেও উৎফুল্ল হতে দেখা যায়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যানারসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিছিলে থাকা অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। মিছিলের ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চালানো হবে।