নেত্রকোণার বারহাট্টা উপজেলায় খাদ্য অধিদপ্তরের বিতরণের সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলার আসমা বাজারে এ অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, আসমা বাজারের এক ব্যবসায়ীর দোকানে খাদ্য অধিদপ্তরের বিতরণের চাল মজুদ রাখা হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় থানা পুলিশের সহযোগিতায় ব্যবসায়ী কাশেমের দোকানে তল্লাশি চালিয়ে সরকারি বিতরণের ২৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে চালগুলো খাদ্য অধিদপ্তরের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত বলে জানা যায়। সরকারি চাল ক্রয় ও মজুদ করে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্য প্রতিরোধ) আইন, ২০২৩-এর ধারা ৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দকৃত ২৫ বস্তা চাল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম জানান, সরকারি খাদ্যসামগ্রী অবৈধভাবে ক্রয়, বিক্রয় বা মজুদ করে বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।