নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সোমবার (১ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় লালপুর থানা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার তথ্য সেবা ডেস্ক, হাজতখানা, মালখানা, ব্যারাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার ডিউটি অফিসার, তদন্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যদের কাছ থেকে মামলার অগ্রগতি, সাধারণ ডায়েরি (জিডি) নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানায় আগত সেবাগ্রহীতাদের সঙ্গে ভদ্র, আন্তরিক ও সহানুভূতিশীল আচরণ করার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়াও থানার শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
স্থানীয়দের মতে, পুলিশ সুপারের এ ধরনের আকস্মিক পরিদর্শন থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে।