ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা । সোমবার বিকেলে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে পাগলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা আমীর ইসমাঈল হোসেন সোহেল। পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ওয়ারী থানা জামায়াতের আমীর মোতাসিম বিল্লাহ, সাংবাদিক মোফাজ্জল আনসারী এবং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পর গফরগাঁওয়ের মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঠাঁই হবে না। আমরা সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু দুঃখজনকভাবে নিগুয়ারীতে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র জামায়াতের নিরীহ কর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।
তিনি আরও বলেন, “এসব সন্ত্রাসী চক্র মাদক ব্যবসা, বিল ,জলাশয় , বালু মহাল দখলসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। অবিলম্বে এ সব অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবি জানান ।