ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদাভেদ ভুলে এক টেবিলে আখাউড়ার সাংবাদিকরা

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ সকাল ১০:৩৫
ad003
দীর্ঘদিনের ভেদাভেদ  ভুলে  এক টেবিলে বসলেন ব্রাহ্মণবাড়িয়ার  আখাউড়ার সাংবাদিকরা।

আজ মঙ্গলবার (০২ জুন) দুপুরে আখাউড়া পৌরসভার মেয়র প্রার্থী, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক  আবুল মনসুর মিশনের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দুই পক্ষের সাংবাদিকরা একসঙ্গে অংশ নেন। শহরের গ্রান্ড সুলতান রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করা হয়।  

মতবিনিময় সভায় দুই পক্ষের সাংবাদিকরা একই টেবিলে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময়  আবুল মনসুর মিশন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে পেশাগত স্বার্থে ও আখাউড়ার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অতীতের ভুল বোঝাবুঝি ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দুই পক্ষের সাংবাদিকদের একসঙ্গে বসার ঘটনাকে তিনি ‘এক ছাতার নিচে আসা’ হিসেবে উল্লেখ করেন এবং  উপস্থিত প্রত্যেক সাংবাদিককে একটি করে ছাতা উপহার দেন।
মেয়র প্রার্থী মিশন বলেন, ছাত্রজীবনে তিনিও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত চ্যালেঞ্জ সম্পর্কে তার ধারণা রয়েছে। তিনি  নির্বাচিত হলে সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

পরে তিনি পৌরসভার উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।  ব্যক্তিগত তথ্য ও উন্নয়ন পরিকল্পনা  সম্বলিত লিফলেট বিতরণ করেন। 

তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার সমস্যাগুলোর সমাধান এবং হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।  

মতবিনিময় সভায় আখাউড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ২৭ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT