চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির নেতা ও চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ।
আজ মঙ্গলবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। প্রকৃতপক্ষে জঙ্গল সলিমপুর তার নির্বাচনী এলাকার একটি ওয়ার্ড হলেও ২০২৪ সালের ২০ আগস্ট কারামুক্তির পর থেকে তিনি ওই এলাকায় যাননি। এমনকি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও গণসংযোগের জন্য সেখানে যাননি বলে দাবি করেন তিনি।
আসলাম চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুরে কোনো গ্রুপ বা গোষ্ঠীকে তিনি কখনো পৃষ্ঠপোষকতা করেননি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এলাকার সন্ত্রাসী ও দখলদার চক্র নিজেদের অপকর্ম আড়াল করতে তার এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আসলাম চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ কমে যাবে। এ কারণে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কার্যক্রমের মাধ্যমে যারা রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে, তাদের অস্তিত্ব অচিরেই বিলীন হবে। জনপ্রতিনিধি হিসেবে তিনি জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও দখলদারমুক্ত দেখতে চান এবং সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানান। প্রেস বিজ্ঞপ্তির শেষে তিনি সকলকে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।