ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।
আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় দাউদকান্দি পৌর বাজারে ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার ব্যবসায়ী, বিনিয়োগকারী ও গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতা বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক এবং ইসমাঈল হোসেন তালুকদার। বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গ্রাহক ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা জরুরি। এসব বিষয় নিশ্চিত হলে ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ।
মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ব্যাংকের স্বার্থ ও স্থিতিশীলতা রক্ষায় ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।