ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর মাত্র আট দিন বাকি। শুরুর আগেই ফুটবল ভক্তরা হিসাব-নিকাশ শুরু করে দিয়েছেন চ্যাম্পিয়ন দলকে নিয়ে। ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তরা মাতামাতি করছেন তাদের নিজেদের দলকে নিয়ে। কিন্তু শিরোপা জেতার মতো আরো তো দল আছে। কিলিয়ান এমবাপপের ফ্রান্স, লামিনে ইয়ামালদের স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড।
এবারের ফিফা ওয়ার্ল্ড কাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এবং আমেরিকা, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে প্রতিযোগিতাটি। আগামী ১১ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের, আর ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল। কিন্তু সেই ফাইনালে জিতবে কোন দল? ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা শিরোপা জয়ে এগিয়ে রাখছেন লামিনে ইয়ামালের স্পেনকে।
সবশেষ চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিরোপা জিতবে বলে নির্ভুল ভবিষ্যদ্বাণী দিয়েছিল ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা। এবার আসন্ন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরুর আগেও সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের সুপার কম্পিউটারের ১০ হাজার সিমুলেশনে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, ফলে আসন্ন ওয়ার্ল্ড কাপের প্রধান ফেভারিট হিসেবে দেখা হচ্ছে ইওরোপিয়ান চ্যাম্পিয়নদের।
অপটার হিসাব অনুযায়ী, স্পেনের ওয়ার্ল্ড কাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। এরপরই রয়েছে ফ্রান্স (১৩ শতাংশ), ইংল্যান্ড (১১.২ শতাংশ) এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪ শতাংশ)। এই চার দলকেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করছে সুপার কম্পিউটার।
স্পেনের পক্ষে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে তরুণ স্টার লামিনে ইয়ামাল, অধিনায়ক রদৃ, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবালের মতো ফুটবলাররা। ইওরো ২০২৪ জয়ের পর থেকে ধারাবাহিক ভালো পারফরম্যান্সও তাদের এগিয়ে রেখেছে।
অন্যদিকে কিলিয়ান এমবাপপে নেতৃত্বে ফ্রান্স, হ্যারি কেইনকে সামনে রেখে ইংল্যান্ড এবং লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনাও শক্তিশালী অবস্থানে রয়েছে। ওয়ার্ল্ড কাপের শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকলেও আর্জেন্টিনাকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছে অপটা।
শিরোপার লড়াইয়ে দ্বিতীয় সারির শক্তিশালী দল হিসেবে পর্টুগাল, ব্রাজিল ও জার্মানির নামও উল্লেখ করা হয়েছে। অপটার মতে, পর্টুগালের শিরোপা জয়ের সম্ভাবনা ৭ শতাংশ, ব্রাজিলের ৬.৬ শতাংশ এবং জার্মানির ৫.১ শতাংশ।
এবারের ওয়ার্ল্ড কাপে চারটি দেশ প্রথমবারের মতো অংশ নিচ্ছে; কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। অন্যদিকে ইটালি যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র অনুপস্থিত দল তারাই।
অপটার পূর্বাভাসে স্বাগতিক আমেরিকা, মেক্সিকো ও কানাডার সম্ভাবনা তুলনামূলক কম দেখা হলেও নিজেদের মাঠে তারা চমক দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সুপার কম্পিউটারের চোখে ওয়ার্ল্ড কাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার এখন স্পেন।