ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান গ্রামের জামাই মেলায় মানুষের ঢল, লটারিতে পুরস্কার পেলেন তিন জামাই

author
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ বিকেল ৫:০২
ad003
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুরান গ্রামে প্রথমবারের মতো আয়োজিত চারদিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল নেমেছে। পুরান গ্রাম গোল্ডস্টার ক্লাব ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় চার দিনজুড়ে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর ছিল পুরো এলাকা।

গ্রামীণ ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী মেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ অংশ নেন। নারী, পুরুষ, শিশু-কিশোর ও তরুণদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রতিদিনই ছিল প্রাণবন্ত। প্রথমবারের মতো এমন আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মেলায় কসমেটিকস, খেলনা, গৃহস্থালি সামগ্রী, মিষ্টি, মাছ, মৌসুমি ফল এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। বিশেষ করে জামাইদের জন্য মাছ, মিষ্টি ও উপহারসামগ্রী কেনাকাটায় ছিল বাড়তি আগ্রহ। পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় দর্শনার্থীদের।

মেলার অন্যতম আকর্ষণ ছিল জামাইদের জন্য বিশেষ লটারির আয়োজন। ৩৩ জন জামাইয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত লটারিতে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি রাইস কুকার, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ব্লেন্ডার এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন প্রদান করা হয়। পরে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

মেলার শেষ দিনে দর্শনার্থীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুষ্টিয়ার ভাব তরঙ্গ সংগীত দলের শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন। লালনের গান উপভোগ করতে মঞ্চের সামনে শত শত দর্শকের সমাগম ঘটে। সুর ও দর্শনের মেলবন্ধনে অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

মেলা উদযাপন কমিটির সদস্য সচিব সুমন দেওয়ান শাকিব বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জামাই মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়তার বন্ধন দৃঢ় করা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মেলায় ঘুরতে আসা সবুজ মিয়া বলেন, বর্তমান সময়ে গ্রামীণ ঐতিহ্যভিত্তিক এমন আয়োজন খুব কম দেখা যায়। জামাই মেলাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনের আগমন ঘটেছে, যা পারিবারিক ও সামাজিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

প্রথমবারের আয়োজনেই ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে আরও বড় পরিসরে জামাই মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT