টেকনাফ উপজেলার হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক কর্তৃক স্থানীয় গরীব, দুস্থ্য ও জেলেদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
গত ০২ জুন ২০২৬ ইংরেজি ৪.২০টায় উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর সার্বিক সহযোগিতায় তার অধীনস্থ হ্নীলা বিওপিতে ১৩০ জন স্থানীয় গরীব জেলেদের মাঝে খাদ্য দ্রব্য হিসেবে চাল, ডাল, তৈল, মুড়ি, চিড়া ও টোস্ট বিস্কুট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন হৃীলা বিওপির সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, বিওপি কমান্ডার সহ আরও অনেকে।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি খাদ্যদ্রব্য বিতরণ শেষে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় জনসাধারণের আস্থা অর্জনের জন্য মানবিক কাজগুলো করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ কার্যক্রম হ্নীলা বিওপি থেকে শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ কোন এলাকাতেও এ মানবিক সহায়তা প্রদান করা হবে।
তিনি বলেন এই এলাকাটি মাদকদ্রব্য চোরাচালান প্রবন এলাকা, শুধু বিজিবি‘র পক্ষে মাদক চোরাচালান প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। তাই যারা মাদক কারবারি, চোরাচালানোর সাথে জড়িত তারা আপনাদের আশেপাশেই থাকে। আপনারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন, তাদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সকল চোরাকারবারিকে আইনের আওতায় আনতে এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করতে।
আরো বলেন "নানা প্রতিকূলতার মধ্যেও সীমান্তে বিজিবি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা বিজিবির মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে যা ভবিষ্যতে তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, মানবিক সহায়তা এবং মেডিকেল ক্যাম্পেইন নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। এছাড়াও জনসাধারণের সাথে সু-সর্ম্পক বজার রাখতে বিজিবি বদ্ধপরিকর।