ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর শহরে কিশোরের মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ

author
চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ সকাল ১১:৩৪
ad003
চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশের লাঠির আঘাতে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হত্যার বিচারের দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টায় শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিচারের দাবি করেন।

নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর মুসা প্রধানিয়া একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত মুসা পলাতক রয়েছে।

স্বজনদের অভিযোগ, সোমবার (২ জুন) সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়ার সঙ্গে একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা মেহেদীকে মারধর শুরু করে। এ সময় ইয়াছিন এগিয়ে এসে মারধরের কারণ জানতে চাইলে মুসা তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, মূলত কিশোরের হত্যার বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করেছে কিছু মানুষ। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে থানায় মামলা করতে বলেছি। হয়তো মরদেহ দাফন শেষে পরিবার থানায় আসবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT