ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে কাঁঠাল গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

author
মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ সকাল ১১:৩৫
ad003
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রাউৎভোগ গ্রামে মানিক খাঁন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মানিক খাঁন রাউৎভোগ গ্রামের আবু তাহের খাঁনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে মানিক খাঁন তার চাচা বিপ্লব খাঁনের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ঘর থেকে বাইরে বের হলে চাচা কারণ জানতে চান। এ সময় তিনি গরম লাগছে বলে বাইরে যান। পরে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়েন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মানিকের চাচী রাশেদা বেগম ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে টঙ্গিবাড়ী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত কার্যক্রমের অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহাম্মেদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT