বিএনপি মহাসচিব ও সরকারের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এজন্য সকলকে সজাগ থাকতে হবে। ক্ষমতা গ্রহণের মাত্র ৩ মাসের মধ্যেই সরকার প্রত্যেকটা নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে।তাঁরই একটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার রুহিয়া ও ভুল্লী কে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা। তিনি বলেন, ইতিমধ্যেই বিএনপি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড নির্মাণের মধ্য দিয়ে সরকার তার সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পালনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন তরুণরা, যুবকরা মাদকাসক্ত হচ্ছে, তাদেরকে মাদকাসক্ত থেকে আমাদের রক্ষা করতে হবে। মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুন দেরকে আগামী দিনের নেতৃত্ব দিতে হবে।
ফখরুল বলেন, বিগত তিন মাসে আমরা ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৭২ কোটি টাকার উন্নয়ন সহযোগিতা করেছি।
বুধবার দুপুরে রুহিয়া হাইস্কুল মাঠে রুহিয়াকে উপজেলা ঘোষণা করায় উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসম্বর্ধনায় এসব কথা বলেন মির্জা ফখরুল । এর আগে তিনি রুহিয়া চৌরাস্তার রুহিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়টিকে অস্থায়ী রুহিয়া উপজেলা পরিষদের কার্যালয় হিসেবে উদ্বোধন করেন, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশ আগামী ১ বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে যা এদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে। তিনি রুহিয়ায় এসে তার চির প্রতিদ্বন্দ্বী সদ্য প্রয়াত প্রাক্তন সংসদ সদস্য ও মন্ত্রী আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন, জাপা নেতা নুরুল হক বোমবার্ড, বিএনপির জেলা সভাপতি তৈমুর রহমানসহ রুহিয়ার উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন প্রত্যেকের অবদান কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে গণসম্বর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ। সভায় আধুনিক ঠাকুরগাঁওয়ের রূপকার হিসেবে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মির্জা ফখরুলকে বিপুল ফুলেল সম্বর্ধনা দেয়া হয়।