ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় বড় ভাইয়ের বিয়ের দিনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ সকাল ১১:৫৬
ad003
বাড়িতে তখন বিয়ের উৎসব। আত্মীয়-স্বজনের পদচারণায় মুখর চারপাশ। আগের রাতে বড় ভাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে হাসি-আনন্দে মেতে উঠেছিলেন ছোট ভাই আসিফুল্লাহ সজিব (২০)। পরিবারের সবার মতো তিনিও অপেক্ষায় ছিলেন বড় ভাইয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তের। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—সেই আনন্দের দিনই কেড়ে নিল তার জীবন।

বুধবার সকালে ফুফাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে বের হন সজিব। পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের কোষাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে ঘটে যাওয়া দুর্ঘটনায় গুরুতর আহত হন সজিব ও তার ফুফাতো ভাই।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সজিবকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যুর কাছে হার মানেন তিনি।

নিহত সজিব উপজেলার আগরপাট্টা গ্রামের রুহুল আমীনের ছেলে। তিনি ঢাকার লালবাগ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারসহ ঢাকায় বসবাস করলেও বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে এসেছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পাকুন্দিয়া পৌরসদর বাজারের ব্যবসায়ী শামীম মিয়া জানান, বুধবার ছিল সজিবের বড় ভাই রাজিবের বিয়ের দিন। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে বাড়িতে ছিল উৎসবের আমেজ। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আনন্দে মেতে ছিলেন সজিবও। কিন্তু রাতের সেই হাসিমুখ সকালে পরিণত হয় নিথর দেহে।

যে বাড়িতে আজ বিয়ের সানাই বাজানোর কথা ছিল, সেখানে এখন শুধুই স্বজনদের কান্নার রোল। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে শোকের মাতমে। ছোট ভাইয়ের মৃত্যুতে বাকরুদ্ধ বড় ভাই, শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা ও স্বজনরা।

সজিবের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু-বান্ধব, সহপাঠী ও এলাকাবাসীর চোখে এখন শুধুই অশ্রু। বড় ভাইয়ের বিয়ের দিনে ছোট ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু হৃদয়বিদারক এক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT