ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া আদায়ে লাগাম টানতে কেন্দুয়ায় অভিযান, দুই সিএনজি চালককে জরিমানা

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ সকাল ১১:৫৭
ad003
নেত্রকোণার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে কেন্দুয়া পৌরসভার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

জরিমানাকৃত চালকরা হলেন উপজেলার কমলপুর গ্রামের সাগর মিয়া এবং মনকান্দা গ্রামের মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কে দীর্ঘদিন ধরে কিছু সিএনজি চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভাড়া নির্ধারণ করে দেওয়া এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলেও কিছু অসাধু চালকের কারণে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছিলেন।

এ অবস্থায় অভিযোগের সত্যতা যাচাই এবং যাত্রীসাধারণের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই চালককে জরিমানা করা হয়।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, “যাত্রীদের ভোগান্তি ও হয়রানি বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি কিংবা পরিবহন খাতে অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তারা বলেন, নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT