ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে প্রকৌশলী শ্যামল এমপি

বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ দুপুর ১২:১০
ad003
বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

তিনি বুধবার দুপুরে শহরের সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি আরো বলেন, আমাদের সমাজে অনেক মেয়ের অল্প বয়সে বিয়ে হয় কিন্তু এইসব মেয়েদের যদি কাজের সুযোগ থাকতো তাহলে স্বল্প বয়সে তাদের বিয়ে হতোনা। তিনি বলেন, কর্মজীবী নারীরা স্বামীর সংসারে ভালো থাকে। নারীরা স্বাবলম্বী হতে পারলে নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে।

তিনি বলেন, আজ জেলা পরিষদ নারীদের মধ্যে ৭০টি সেলাই মেশিন বিতরণ করেছে। আমি আশা করবো এই সেলাই মেশিন দিয়ে আয় করে ৭০টা পরিবার স্বাবলম্বী হতে পারবে।

তিনি বলেন, নারীদেরকে সেলাইয়ের কাজে প্রশিক্ষণ দেয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় প্রশিক্ষণ কেন্দ্র  স্থাপন করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। কিভাবে নারীদের স্বাবলম্বী করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।  তিনি একটি মহৎ উদ্যোগ নেয়ার জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানান।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ওবায়দুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদির মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা লায়লা সুলতানা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ৭০জন নারীর হাতে ৭০টি সেলাই মেশিন তুলে দেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT