ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জেরে তাণ্ডব: পল্লী বিদ্যুৎকর্মীদের মারধর, ছিনতাই প্রায় দেড় লাখ টাকা

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ সকাল ১০:২০
ad003
নেত্রকোণার মোহনগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় শেষে ফেরার পথে পল্লী বিদ্যুতের আদায়কারী দলের ওপর হামলা, মারধর এবং আদায়কৃত নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বিদ্যুৎকর্মী আহত হয়েছেন। ঘটনার পর মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জুন মাসের রাজস্ব আদায় কার্যক্রমের অংশ হিসেবে মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ১২ থেকে ১৫ সদস্যের একটি দল বিভিন্ন এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল সংগ্রহে অভিযান পরিচালনা করে। দিনব্যাপী অভিযান শেষে অফিসে ফেরার পথে মাহমুদপুর গ্রামের এক গ্রাহকের দোকানে গিয়ে দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের অনুরোধ জানানো হয়।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট গ্রাহকের আট মাসের ৬ হাজার ৩১৬ টাকা বকেয়া থাকলেও তিনি তা পরিশোধে ব্যর্থতার কথা জানান। পরে নিয়ম অনুযায়ী তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল বিদ্যুৎকর্মীদের ঘিরে ফেলে হামলা চালায়।

এ সময় দলের সদস্য ও মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার বায়েজিদ ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে গেলে তাকে মারধর করা হয়। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও মুছে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। পরে ফোনটি ফেরত দেওয়া হলেও আদায়কৃত বিদ্যুৎ বিলের প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আহত বায়েজিদকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, সরকারি রাজস্ব আদায়ে বাধা প্রদান, দায়িত্ব পালনরত কর্মচারীদের ওপর হামলা এবং নগদ অর্থ ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। এসব কর্মকাণ্ড বিদ্যুৎ আইন-১৯১০ (সংশোধিত ২০১৮) অনুযায়ী দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে।

এ ঘটনায় মোহনগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ইমদাদুল হক বাদী হয়ে বুধবার রাতেই মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগে নাম আসা ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT