কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ফেরদৌস শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের বাইপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌরসভার চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশের সড়কের পাশে হাঁটছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি পোল্ট্রি বহনকারী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।