ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সড়কের তিন গাছ কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রশাসনের অভিযানে জব্দ কাঠ

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুন, ২০২৬ দুপুর ১২:০৮
ad003
নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি সড়কের পাশের তিনটি মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পর প্রশাসন অভিযান চালিয়ে কাটা গাছগুলো জব্দ করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ২ নম্বর মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের পাশে থাকা দুটি মেহগনি ও একটি আকাশমনি গাছ সম্প্রতি কেটে ফেলেন আইয়ুব আলী নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় একটি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, গাছগুলো কাটার পর সেগুলো গজিনপুর মোড়ের পশ্চিম পাশে একটি করাতকলের সামনে এনে রাখা হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে বুধবার ঘটনাস্থলে যান মেদনী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম। সেখানে গিয়ে তিনি কাটা গাছগুলো জব্দ করেন।

এ বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলীর বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

মেদনী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “সড়কটি পানি উন্নয়ন বোর্ডের অধীনে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, রাস্তার পাশের সরকারি গাছগুলো আইয়ুব আলী নামে এক ব্যক্তি কেটেছেন। আমরা গাছগুলো জব্দ করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভূমি প্রশাসনের কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। জব্দকৃত গাছের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, “বিষয়টি আমাদের আগে জানানো হয়নি। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, সরকারি সম্পদ রক্ষায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ জরুরি। তাদের মতে, সরকারি সড়কের গাছ নির্বিচারে কাটার ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এমন অনিয়ম আরও বাড়তে পারে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT