ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর দুইটার দিকে সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর অনতিদূরে অবৈধ লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস।
এ সময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। ট্রেন আসতে দেখে এর চালক ও যাত্রীরা নেমে যান। তবে মাইক্রোবাসটি ট্রেনের সাথে ধাক্কা লেগে দুমড়ে- মুচড়ে খাদে গিয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ আলম জানান, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ সেখানে যায়। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বলে তিনি জানান।