ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা কালে গণপিটুনিতে একজনের মৃত্যু

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ভোর ৪:৪২
ad003
ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুক মালা আবাসন প্রকল্পে এক শিশুকে শ্লীলতাহানির  চেষ্টা কালে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়। সে মাগুরা জেলার মোহাম্মদপুরের দেউলি গ্রামের বরকত উল্লাহ এর ছেলে।

জানা যায়, বিল্লাল হোসেন গত সাত দিন আগে ঝিনাইদহ ঝিনুক মালা আবাসন প্রকল্পের একটি ঘরে একাকি বসবাস শুরু করে। এখানে থেকে সে রিক্সা চালাতো। দুপুরে ওই আবাসন প্রকল্পেরই সাত বছরের এক শিশুকে কাছু টাকা দিয়ে ঘরের ভিতরে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করে।  সে সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বিষয়টি টের পেয়ে তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।  

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: উমা ইসলাম বলেন, রোগীকে আমরা প্রায় অচেতন অবস্থায় পেয়েছিলাম। তার চিকিৎসা চলছিল। এমন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। আমাদের প্রাথমিক ধারনা পিটুনিতে শরীরের ভিতরের অর্গান ক্ষতিগ্রস্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত গোকুল চন্দ্র অধিকারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলা তদন্ত অবস্থায় সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত বিল্লাল হোসেন মারা যায়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT