খুলনার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) ডুমুরিয়ার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মানববন্ধনের মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
বিবৃতিতে শেখ হেলাল উদ্দিন উল্লেখ করেন, আটলিয়া ইউনিয়নের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। জনগণের আস্থা ও সমর্থন অর্জন করায় একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা এবং সরকারি বরাদ্দ বণ্টনে তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এবং রাজনৈতিক প্রতিপক্ষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি আটলিয়া ইউনিয়নের জনগণ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাজানো ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ অবস্থান গ্রহণ করুন। সত্য ও বাস্তব তথ্য তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, গত ৪ জুন ডুমুরিয়ার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধনে চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিবাদলিপি প্রদান করেন।