নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী চন্দ্রডিঙা পর্যটনকেন্দ্রে বেড়াতে এসে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ (২৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রংছাতী ইউনিয়নের চন্দ্রডিঙা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন আহমেদ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন আহমেদ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে চন্দ্রডিঙা পর্যটনকেন্দ্র ঘুরতে আসেন। দুপুরের দিকে তিনি এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে পর্যটনকেন্দ্রের ভেতরে প্রবেশ করছিলেন। এ সময় হঠাৎ তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পর তাঁর সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। পরে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দ ভ্রমণে এসে এক তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।