ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসি'র মতবিনিময়

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতার আহ্বান

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ বিকেল ৪:০৩
ad003
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (৫ জুন) রাজুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় ওসি বলেন, রাজুর বাজার এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিদ্যমান রয়েছে, তা প্রশংসনীয়। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ওসি আল মামুন সরকার বলেন, মাদকাসক্তি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো ব্যক্তি বা চক্র এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে কিংবা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময়কালে ওসি নামাজের সময় বাসাবাড়ির নিরাপত্তার বিষয়েও সতর্ক করেন। তিনি বলেন, অনেক সময় বাসা ফাঁকা থাকার সুযোগে চুরি বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। পাশাপাশি পকেটমার, অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের তৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রসঙ্গে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করা উচিত নয়। কোনো ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সরাসরি পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি রাজুর বাজার এলাকার প্রধান সড়ক ও মসজিদসংলগ্ন এলাকায় যানজট নিরসনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়—এমনভাবে যত্রতত্র মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন পার্কিং না করার আহ্বান জানান। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

ওসি আরও বলেন, এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি, অপরিচিত চলাফেরা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নেত্রকোণা মডেল থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

মতবিনিময় সভায় থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। শেষে মুসল্লিদের বিভিন্ন প্রশ্ন ও মতামত শোনেন ওসি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT