কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের সফরত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার (৫ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবিরের নেতৃত্বে তুর্কি প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ ও ১৬ পরিদর্শন করেন। প্রতিনিধি দলের মধ্য উপস্থিত ছিলেন তুরস্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মিঃ পোলট সাফি, মিঃ রিজিয়ে বিলাক, তুরস্কের ঢাকাস্থ রাষ্ট্রদূত রামিস সেনসহ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান।
সফরের শুরুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্প-৯-এর জি-১৮ ব্লকে সিআইসি কার্যালয়সংলগ্ন তুরস্কের অর্থায়নে পরিচালিত ‘তুর্কি ফিল্ড হাসপাতাল’ পরিদর্শন করে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে রোহিঙ্গাদের জন্য পরিচালিত চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেয়।
পরিদর্শন কালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আরো বলেন, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নাগরিকত্ব ও মর্যাদার অধিকার নিয়ে নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফিরে যেতে পারবে।
রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিকেল তিনটার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর সরাসরি উখিয়ার ক্যাম্প এলাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সফরে তার সঙ্গে ছিলেন উখিয়ার ইউএনও রিফাত আসমা এবং সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প-ইনচার্জরা।
এছাড়াও প্রতিনিধি দলটি ক্যাম্প-১৬-এর বি-১ ব্লকে অবস্থিত টিকা মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করে। তুরস্কের সহায়তায় আফাদ পরিচালিত কেন্দ্রটিতে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিনিধি দলটি নারী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার রোবোটিক্স ল্যাব, মিউজিক স্টুডিও, বাঁশ ও কাঠের কাজের প্রশিক্ষণকেন্দ্র, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং কনফারেন্স রুম ঘুরে দেখেন।