বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান।
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে এ কর্মসূচির আয়োজন করে পাকুন্দিয়া পৌরসভা।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি র্যালিতে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে-ই আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ সমিতি পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম নিতাই দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।