ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনগণকে উদ্বুদ্ধ করতে গোপালগঞ্জের মুকসুদপুরে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে আয়োজিত এ র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা ও ডা. সালাউদ্দিন আহম্মেদ।
এছাড়াও অংশগ্রহণ করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই নিজেদের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।