ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে এনজিও কর্মী নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান

author
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ৮:৩২
ad003
মাগুরার মহম্মদপুরে মো. মঞ্জুরুল ইসলাম (৩০) নামের এক এনজিও কর্মী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। 

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে স্বজনদের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ মঞ্জুরুলকে দ্রুত সুস্থ শরীরে ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

নিখোঁজ মঞ্জুরুল ইসলাম মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের উথালী গ্রামের গোলাম কুদ্দুস সরদারের ছেলে। তিনি উপজেলার নহাটা বাজার এলাকায় অবস্থিত ‘রোভা ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই গত ৩ জুন অফিসে যান মঞ্জুরুল। কাজ শেষে রাত আনুমানিক আটটার দিকে তিনি অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে পৌঁছাননি। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, নিখোঁজের সময় মঞ্জুরুলের সাথে তার ব্যবহৃত একটি ‘টিভিএস স্ট্রাইকার’ মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নম্বর : খুলনা-হ-১২৮৮৭৮) ছিল। এছাড়া তার কাছে অফিসের কালেকশনের টাকা ও গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্র ছিল বলেও জানা গেছে।

নিখোঁজ মঞ্জুরুলের স্ত্রী সামিরা আক্তার হিমা বুকফাটা আর্তনাদ নিয়ে বলেন, ‘প্রতিদিনের মতো সে কিস্তি সংগ্রহ করতে বের হয়েছিল। গত ৩ জুন বিকেল ৫টা ১৯ মিনিটে তার সাথে আমার শেষ কথা হয়। সে বলেছিল পরের দিন বিকেলে আসবে। কিন্তু তিন দিন হয়ে গেল ওর কোনো খোঁজ নেই। আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি, সব জায়গায় খুঁজেছি। প্রশাসন যেন আমার স্বামীকে সুস্থ অবস্থায় দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে দেয়।’

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘এনজিও কর্মী নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্ত করতে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT