ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জমির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ, অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ আহত ২

author
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ সকাল ১০:১৮
ad003
দিনাজপুরের ফুলবাড়ীতে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ দুইজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের দামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন বেতদিঘী ইউনিয়নের চিন্তামন রাধিকাপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আতাউর রহমান (৪৮) এবং একই গ্রামের ফিরোজ হোসেন (৫৫)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মায়ের সম্পত্তির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আতাউর রহমান গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আতাউর রহমানের অভিযোগ, তাঁর মায়ের জমির সীমানার ভেতরে জোরপূর্বক ঘেরা দেওয়ার চেষ্টা করছিলেন তাঁর খালাতো ভাই ফিরোজ হোসেন ও মামুনুর রশিদ মামুন। তিনি জমির সীমানা মাপজোক করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে মামুনুর রশিদ মামুন বলেন, জমি মাপার কথা বলে আতাউর রহমান তাঁদের টিনের ঘেরা ভাঙতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাঁর ভাই ফিরোজ হোসেনও আহত হন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আতাউর রহমান মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT