ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙচুরে ম্লান বেনাপোলের সৌন্দর্য, নতুন রূপে ফিরছে পৌর বলফিল্ড সড়ক দ্বীপ

author
শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ৯:২১
ad003
যশোরের বেনাপোল পৌরসভার উদ্যোগে নির্মিত পৌর বলফিল্ডের সামনের দৃষ্টিনন্দন সড়ক দ্বীপটি একসময় শহরের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত ছিল। 

আধুনিক নকশা ও নান্দনিক সাজে নির্মিত এই স্থাপনাটি শহরের প্রবেশমুখকে নতুন পরিচয় দিয়েছিল। তবে দুঃখজনকভাবে অসচেতন কিছু মানুষের ভাঙচুর ও অবহেলায় বর্তমানে এর প্রায় ৮০ শতাংশ সৌন্দর্য নষ্ট হয়ে গেছে।

খুলনা বিভাগের তৎকালীন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার ২০২৫ সালের ২ মে আনুষ্ঠানিকভাবে এই সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করেন। শহরের নান্দনিকতা বৃদ্ধি, পরিবেশের সৌন্দর্য রক্ষা এবং একটি আধুনিক নগর চিত্র গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শার্শা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী পরিকল্পনার ফলেই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল। উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে সন্ধ্যার আলোয় সজ্জিত স্থাপনাটি ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

কিন্তু সময়ের ব্যবধানে অসচেতনতা, ভাঙচুর ও যথাযথ সংরক্ষণের অভাবে স্থাপনাটির অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন অলংকারিক উপকরণ, নষ্ট হয়েছে সৌন্দর্যবর্ধক কাঠামোর অনেক অংশ। ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে গড়ে তোলা এই উন্নয়ন উদ্যোগ আজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে।

তবে আশার খবর হলো, বেনাপোলের এই গুরুত্বপূর্ণ সৌন্দর্যবর্ধন প্রকল্পটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত স্থাপনাটি সংস্কার ও মেরামতের কাজ শুরু করা হবে। 

নতুন পরিকল্পনার মাধ্যমে এটিকে আরও আকর্ষণীয় ও টেকসই রূপে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এখানে আসা দর্শনার্থীরা সহ উঠতি বখাটে দ্বারা এমন ক্ষতি সাধন হয়েছে। পৌর প্রশাসনের পাশাপাশি এটি দেখভাল ও রক্ষণাবেক্ষণর জন্য সকলকে সচেতন হতে হবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন,উন্নয়ন শুধু নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। জনগণের করের অর্থে নির্মিত এসব স্থাপনা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। একটি শহরের সৌন্দর্য তার মানুষের সচেতনতারই প্রতিচ্ছবি।

বেনাপোল পৌর নাগরিকরা আশা করছেন, সংস্কার কাজ শেষে পৌর বলফিল্ডের সামনের সড়ক দ্বীপটি আবারও বেনাপোলের সৌন্দর্যের প্রতীক হয়ে উঠবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন উন্নয়ন কর্মকাণ্ড টিকিয়ে রাখতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ আরও শক্তিশালী হবে।

স্থানীয়রা বলছেন,শহরকে সুন্দর রাখতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিক সচেতনতাও প্রয়োজন। আমরা যদি নিজের সম্পদ নিজেরাই রক্ষা না করি, তাহলে উন্নয়নের সুফল দীর্ঘস্থায়ী হবে না।

বেনাপোলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে এই সৌন্দর্যবর্ধন প্রকল্প শুরু হয়েছিল, সংস্কারের মাধ্যমে সেই স্বপ্ন আবারও নতুন করে প্রাণ ফিরে পাবে—এমন প্রত্যাশাই এখন সবার।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT