ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চকরিয়ায় ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ১১:৪২
ad003
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মৎস্য খাতের উন্নয়ন, টেকসই চাষাবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুন) উপজেলার ইলিশা বাজার এলাকার কাঁচা লং রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে খামারিদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশ নেন।

কর্মশালায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতকরণ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের ব্যবহার, এয়ারেটরের সঠিক প্রয়োগ, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজেম সওদাগর ও ব্যবসায়িক অংশীদার সৈয়দ আলম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মিল্লাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মো. মামুনূর রশিদ।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারী চাষীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। একই সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং খামারিদের আরও দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT