ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, দুই লাখ টাকার জাল ধ্বংস

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ দুপুর ৩:০৭
ad003
নেত্রকোণার মোহনগঞ্জে মৎস্যসম্পদ ধ্বংসের অন্যতম কারণ হিসেবে পরিচিত নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় একটি গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয় এবং গুদাম মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে মোহনগঞ্জ পৌরসভার হাটমোহনগঞ্জ বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্থানীয় ব্যবসায়ী মো. পলাশ মিয়া (৩৫)কে আটক করা হয়। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাশ মিয়ার গুদাম থেকে ৫৫টি চায়না দুয়ারি জাল ও ১০১টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে পলাশ মিয়াকে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার নদ-নদী, হাওর ও জলাশয়ে মাছের প্রজনন এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এসব জালে নির্বিচারে পোনা মাছ ও ছোট জলজ প্রাণী ধরা পড়ায় প্রাকৃতিক মৎস্যসম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT