কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইশা মনি (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার পর স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাইশা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে। সে কাঁচকোল বাজার নবিজান নূরানি ও হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে রাইশা মনি ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চিলমারী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলজার হোসেন বলেন, “কুড়িগ্রাম জেলায় কোনো ডুবুরি দল নেই। রংপুর বিভাগে একটি ডুবুরি দল রয়েছে। তারা বর্তমানে লালমনিরহাটে উদ্ধার কাজে নিয়োজিত থাকায় আজ চিলমারীতে আসতে পারেনি। তবে আগামীকাল সকালে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করবে বলে আশা করছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শিশুর স্বজনরা নদীর তীরে অবস্থান করে তার সন্ধানের অপেক্ষায় রয়েছেন।