ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের চোখ ফাঁকি দিয়ে বের হওয়া, পুকুরেই নিভে গেল ১৪ মাসের সাদিয়া'র জীবন

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ সকাল ৭:৪৩
ad003
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১৪ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (০৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের রাহাত আলী ও নুরনাহার বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকাকালে সাদিয়া সবার অগোচরে ঘর থেকে বের হয়ে পড়ে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশী সালমা বেগম শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে কিছু অস্বাভাবিকতা দেখে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে তল্লাশি চালান। দীর্ঘ খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে সাদিয়ার নিথর দেহ ভাসতে দেখা যায়। উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। তাই শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT